বাসস
  ২৮ জুন ২০২৬, ২০:৪৩

প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পৌঁছে দিতে কাজ করছে সরকার : ডিএনসিসি প্রশাসক

ছবি : ভিডিও থেকে নেওয়া

ঢাকা, ২৮ জুন, ২০২৬ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পৌঁছে দিতে কাজ করছে সরকার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, জনগণের সরকার। জনগণের স্বার্থে (ডিএনসিসি সব ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আজ রাজধানীতে বনানীর করাইল এরশাদ মাঠে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

ডিএনসিসি প্রশাসক জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে মোট ১ হাজার ৯০৫টি স্থায়ী ও ১০ হাজার ৮৯১টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ কার্যক্রম আগামী তিন দিন অব্যাহত থাকবে।

তিনি বলেন, দেশের প্রতিটি জেলা, উপজেলা, শহর, পাড়া-মহল্লা ও গ্রামে যেন প্রতিটি শিশু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল পায়, সে লক্ষ্যে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। ডিএনসিসির আওতাধীন সব শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা করা হবে। প্রয়োজনে অভিভাবকদের সিটি কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

মো. শফিকুল ইসলাম খান বলেন, ডিএনসিসি হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে যেভাবে সাফল্য অর্জন করেছে, একইভাবে অন্যান্য জনসেবামূলক কার্যক্রমও জনগণের কাছে পৌঁছে দিয়ে সাফল্য অর্জন করবে।

তিনি বর্ষা মৌসুমে ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, ছাদ-বাগান, আঙিনাসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, নগরের প্রতিটি এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম সফল করতে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।