শিরোনাম

ঢাকা, ২৮ জুন, ২০২৬ (বাসস): পদ্মা নদীর ডুবোচরে আটকে পড়া একটি লঞ্চের নারী ও শিশুসহ ৮৫ জন যাত্রীকে উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকলের পর তাৎক্ষণিক ব্যবস্থায় যাত্রীদের উদ্ধার করা হয়।
আজ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত পৌনে ৮টায় রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে ৮৫ জন যাত্রীসহ এমভি বোয়ালি পাটুরিয়ার উদ্দেশে যাত্রা করে। পথে পদ্মা নদীর কুশিহাটা নামক ডুবোচরে লঞ্চটি আটকা পড়ে। চারদিকে অন্ধকার ও নদীর অথৈ পানির কারণে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুজন আতঙ্কিত যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত উদ্ধারের অনুরোধ জানান। তাৎক্ষণিকভাবে নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ, দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ থানায় উদ্ধারের ব্যবস্থা নিতে জানানো হয়।
এতে আরও বলা হয়, দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ থানার পুলিশের উদ্ধারকারী দল ট্রলার ও দুটি স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করে। পরে ট্রলার ও স্পিডবোটে করে যাত্রীদের চর থেকে উদ্ধার করে এমভি চিশতিয়া লঞ্চে তুলে দেওয়া হয়। রাত সাড়ে ১১টায় সব যাত্রী নিরাপদে পাটুরিয়া লঞ্চ টার্মিনালে পৌঁছান।