বাসস
  ২৮ জুন ২০২৬, ১৮:০৪

চেক ডিজঅনার মামলায় প্রক্সি দেওয়া নারী রিমান্ড শেষে কারাগারে

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৮ জুন, ২০২৬ (বাসস) : ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে ২৯ লাখ টাকার চেক ডিজঅনারের মামলায় আরেক নারীর হয়ে প্রক্সি দিতে এসে ধরা পড়ার অভিযোগে মনোয়ারা বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

দুই দিনের রিমান্ড শেষে আজ (২৮ জুন) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২৯ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে ২০২৫ সালের ২৩ মার্চ নিবেদিতা আহমেদ তুলি নামে এক সরকারি চাকরিজীবী আদালতে মামলা দায়ের করেন। মামলার ধার্য দিন ছিল ১৬ জুন। সেদিন আসামি আদালতে হাজির হননি। ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ তানিয়া সুলতানা লিপির আদালত আসামির জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরবর্তী শুনানির দিন রাখা হয় ২০ আগস্ট।

তবে ২৫ জুন আসামি নাসরিনের হয়ে মনোয়ারাকে আদালতে হাজির করে জামিন আবেদন করেন আইনজীবী হাম্মাদ এমদাদ হোসাইন। আদালতের কাছে বিষয়টি সন্দেহজনক হলে মনোয়ারাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনায় ঢাকার চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মিয়া মো. ইব্রাহিম খলিল অপু গত বৃহস্পতিবার রাতেই নাসরিন সিকদার, তার হয়ে আদালতে প্রক্সি দিয়ে আটক হওয়া মনোয়ারা বেগম ও আইনজীবী মো. হাম্মাদ এমদাদ হোসাইনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।