বাসস
  ২৭ জুন ২০২৬, ২১:০৬

পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত

ছবি: ডিএমপি

ঢাকা, ২৭ জুন, ২০২৬ (বাসস) : পরিবহন শ্রমিকদের শারীরিক প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ স্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ আয়োজন করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানের দিকনির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ স্থানে আজ শনিবার  এ বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল ট্রাফিক পুলিশ বক্স, মহাখালী টার্মিনাল ট্রাফিক পুলিশ বক্স, মতিউর রহমান পার্ক এবং ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করা হয়। ক্যাম্পগুলোতে পরিবহন শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়েছে।

বিভিন্ন জরিপে দেখা গেছে, অধিকাংশ পরিবহন চালক ও হেলপার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুসজনিত জটিলতা এবং মাংসপেশির বিভিন্ন সমস্যায় ভুগে থাকেন। সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে এসব রোগ নিয়ন্ত্রণ কিংবা নিরাময় সম্ভব হলেও কর্মব্যস্ততা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে তারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না। ডিএমপির এই উদ্যোগটি মূলত পরিবহন শ্রমিকদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একটি মানবিক প্রচেষ্টা।

উল্লেখ্য, ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ কার্যক্রম চালু হওয়ার পর থেকে ইতোমধ্যে সহস্রাধিক পরিবহন শ্রমিক এ সেবা গ্রহণ করেছেন।