শিরোনাম

চট্টগ্রাম, ২৭ জুন, ২০২৬ (বাসস): চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
শনিবার ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা এবং নাগরিকদের সম্পৃক্ত করার লক্ষ্যে চসিকের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুরক্ষা’র উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালি ও নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চসিক পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ নাগরিক সভার আয়োজন করা হয়।
মেয়র বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; প্রতিটি নাগরিককে নিজ নিজ বাসা, ছাদ, আঙিনা ও আশপাশে কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, তা নিশ্চিত করতে হবে।
মেয়র ডা. শাহাদাত বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগের ফলে ডেঙ্গু নিয়ন্ত্রণে এরইমধ্যে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। উন্নতমানের লার্ভিসাইড ব্যবহার, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং ব্যাপক জনসচেতনতা বাড়ানোর কারণে এ ইতিবাচক পরিবর্তন সম্ভব হয়েছে।
‘সুরক্ষা’র চেয়ারম্যান ডা. এম এম তৈমুর হাসানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. রাশেদুজ্জামান মন্ডল ও আরমান আলী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের এনভায়রনমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান সেলিম উদ্দিন, চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ইমাম হোসেন (রানা), চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মাদ শাহ্ নওয়াজ প্রমুখ।
পরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।