শিরোনাম

ঢাকা, ২৭ জুন, ২০২৬ (বাসস) : চলতি বছরের ২৬ মে পবিত্র হজ পালন শেষে গতকাল পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৬৮ হাজার ২৯৭ জন হাজি দেশে ফিরেছেন।
হজ অফিসের এক কর্মকর্তা বলেন, ‘নির্ধারিত তিনটি বিমান সংস্থার মোট ১৮৮টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে এই হাজিরা দেশে ফেরেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সাউদিয়া এয়ারলাইন্স ৬৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স ২৩টি ফ্লাইট পরিচালনা করেছে।’
হজ অফিস জানায়, এখন পর্যন্ত ১৮৮টি ফ্লাইটের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন ও বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৬৩ হাজার ৮৩৮ জন হাজি দেশে ফিরেছেন।
বিমান সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০২টি ফ্লাইটে ৩১ হাজার ৯৮১ জন, সৌদি এয়ারলাইন্সের ৬৩টি ফ্লাইটে ২৩ হাজার ১৪৯ জন, ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৩টি ফ্লাইটে ৮ হাজার ৯৬৭ জন ও অন্যান্য বিমান সংস্থার মাধ্যমে ৪ হাজার ২০০ জন হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।
অবশিষ্ট হাজিরা পর্যায়ক্রমে নির্দিষ্ট বিমানসংস্থাগুলোর মাধ্যমে দেশে ফিরবেন বলে জানান ওই কর্মকর্তা।
এদিকে, হজ পালনকালে সৌদি আরবে ৫৫ জন বাংলাদেশী হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ৩৭ জন পুরুষ ও ১৮ জন নারী। মৃতদের মধ্যে ৩৭ জন মক্কায়, ১৭ জন মদিনায় ও একজন জেদ্দায় মারা যান।
তবে মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিভিন্ন অসুস্থতার কারণে মোট ৪১৫ জন হাজি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ১১ জন হাজি হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়া সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো ৬৭ হাজার ৮৬ জন হাজিকে চিকিৎসা সেবা দিয়েছে এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৮ হাজার ৪০৫ জন হাজিকে বিভিন্ন সেবা প্রদান করেছে।
চলতি বছরের প্রথম হজ ফ্লাইট গত ১৮ এপ্রিল শুরু হয়ে ২১ মে শেষ হয়।
হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত ৩০ মে, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।