শিরোনাম

সাতক্ষীরা, ২৬ জুন, ২০২৬ (বাসস) : সাতক্ষীরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে প্রায় ১ কোটি টাকার ভারতীয় মালামালসহ ৩ চোরকারবারীকে আটক করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, হিজলদী, মাদরা, চান্দুড়িয়া, বৈকারী ও কাঁকডাঙ্গা বিওপি’র আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শুক্রবার মালামালসহ তাদের আটক করা হয়।
জব্দ মালামালের মধ্যে রয়েছে, ভারতীয় উইনকোরেক্স সিরাপ, ইয়াবা, বিয়ার, বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন, চিংড়ি মাছের রেণু পোনা, ঔষধ, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও একটি বাংলাদেশি কাভার্ড ভ্যান।
আটক চোরাকারবারীরা হলেন- যশোর জেলার শার্শা উপজেলার আমরাখালি গ্রামের মামুনুর রশিদের পুত্র ট্রাক চালক রাসেল আহমেদ (২৫), সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের মৃত ছইলুদ্দীন এর পুত্র সহকারী চালক আব্দুল গফুর (৪০) এবং একই উপজেলার একই গ্রামের শফিকুল ইসলামের পুত্র লাভলু হোসেন (২৮)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপি’র সদস্যরা সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিজিবি চেকপোষ্ট এলাকায় তল্লাশি চালিয়ে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা, বিয়ার এবং একটি বাংলাদেশি কাভার্ড ভ্যানসহ ট্রাক চালক রাসেল ও তার সহকারী আব্দুল গফুরকে আটক করে। একই বিওপি’র পৃথক আভিযানিক দল একই এলাকা থেকে ১৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ মাদককারবারী লাভলুকে আটক করে।
এছাড়া, অপর একটি আভিযানিক দল ভোমরা ফলমোড় নামক স্থান থেকে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ২০টি মোবাইল ফোন জব্দ করে। যার মধ্যে রয়েছে ভিভো ফোন ৭টি, ওয়ানপ্লাস একটি, রিয়েলমি ২টি, স্যামসাং একটি, অপ্পো ৪টি, শাওমি রেডমি একটি, পেকো ২টি, মটোরোলা একটি এবং নাথিং একটি।
এদিকে, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালী নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, মাদরা বিওপি’র বিশেষ আভিযানিক দল একই উপজেলার থানাধীন শ্মশান ঘাট নামক স্থান হতে ভারতীয় ঔষধ, চান্দুড়িয়া বিওপি’র পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল কাঁদপুর ও চাঁন্দুড়িয়া নামক স্থান হতে ৩০ বোতল ভারতীয় উইনকোরেক্স সিরাপ ও
মোবাইল ফোনের যন্ত্রাংশ, বৈকারী বিওপি’র বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চৌধুরী পাড়া নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ জব্দ করে।
এছাড়া, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় ঔষধ জব্দ করে। জব্দ ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য ৯৪ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি বাসস’কে নিশ্চিত করে জানান, জব্দ ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দ মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।