শিরোনাম

ঢাকা, ২৬ জুন, ২০২৬ (বাসস) : সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক এক আলোচনা সভায় বক্তারা সেখানকার ঐতিহাসিক পঙ্খীরাজ নদী ও এর আশেপাশের খালগুলো পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।
তারা বলেন, সোনারগাঁওয়ের খালগুলো ভরাট হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতে চরম জলাবদ্ধতা তৈরি হচ্ছে, সীমাহীন দুর্ভোগে পড়ছে স্থানীয়রা।
আজ সোনারগাঁও প্রেসক্লাবে অনুষ্ঠিত ‘নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ঐতিহাসিক পঙ্খীরাজ নদীসহ অন্যান্য নদী ও খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সোনারগাঁওয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা এ সময় আরো বলেন, সোনারগাঁওয়ে একসময় শতাধিক খাল ছিল। সেই খালগুলো কয়েক দশকের ব্যবধানে অবৈধ দখলদারের হাতে দখল হয়ে গেছে। এছাড়া অনেক খালে শিল্প প্রতিষ্ঠান তাদের দূষিত বর্জ্য ফেলার কারণে দূষণের কবলে পড়েছে।
সভায় সংগঠনের আহ্বায়ক কবি ও প্রাবন্ধিক শাহেদ কায়েসের সভাপতিত্বে এবং সদস্য সচিব রবিউল হুসাইনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, লেখক ও সাংবাদিক মিজানুর রহমান, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, সাহিত্য নিকেতনের উপদেষ্টা মতিউর রহমান, উদীচী শিল্পগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, লেখক মোয়াজ্জেনুল হক, সোনারগাঁও সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোফাখখার সাগর, সাংবাদিক এরশাদ হুসাইন অন্য ও কামরুল ইসলাম পাপ্পু প্রমুখ।
বক্তারা বলেন, সোনারগাঁওকে ঘিরে রেখেছে মেঘনা, শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র। ইতোমধ্যে শীতলক্ষ্যা ও ব্রহ্মপুত্র দখল-দূষণে বিপর্যস্ত। কোনোরকমে মেঘনার প্রবাহ স্বাভাবিক থাকলেও এটিও যেকোনো সময় দূষণের ঝুঁকিতে রয়েছে।