বাসস
  ১৯ জুন ২০২৬, ২২:২৯
আপডেট : ১৯ জুন ২০২৬, ২২:৩০

ফ্যাসিস্ট সরকার জনগণের কাছে দায়বদ্ধ ছিল না : খায়রুল কবির খোকন

ছবি : বাসস

নরসিংদী, ১৯ জুন, ২০২৬ (বাসস) : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা বা জবাবদিহিতা ছিল না।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সাধারণ মানুষ অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে। তারা ভোটবিহীন নির্বাচন, দিনের ভোট রাতে গ্রহণ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় থেকে গায়ের জোরে দেশ পরিচালনা করেছে। ফলে জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা বা জবাবদিহিতা ছিল না।

নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে জনগণের কাছে যে অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিয়েছিল, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করছে। জনগণের দুঃখ-দুর্দশা লাঘব, কল্যাণ নিশ্চিতকরণ, নিরাপত্তা প্রদান এবং শান্তিপূর্ণভাবে বসবাসের পরিবেশ সৃষ্টি করতে সরকার কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, ইকবাল হোসেন, আমিনুল হক বাচ্চুসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

নরসিংদী জেলার ৩১ জন উপকারভোগীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।