বাসস
  ১৯ জুন ২০২৬, ২২:১৬

প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন মারা গেছেন

প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও, ১৯ জুন, ২০২৬ (বাসস) : প্রবীণ সাংবাদিক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বর্ষীয়ান রাজনীতিবীদ এবং শিক্ষাবিদ অধ্যক্ষ সৈয়দ মেরাজুল হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৩ বছর। 

দীর্ঘ রোগভোগের পরে আজ শুক্রবার বেলা ২টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। 

সৈয়দ মেরাজুল হোসেন দীর্ঘদিন বাসস, ডেইলি অবজারভার, ডেইলি সানসহ জাতীয় দৈনিক পত্রিকা ও সংবাদ সংস্থায় সুনামের সাথে সাংবাদিকতা করেছেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই বর্ণাঢ্য ব্যক্তিত্ব উত্তরাঞ্চলে ইংরেজিতে নিউজ ও ফিচার লেখা সম্পাদনায় তিনি ছিলেন পথিকৃৎ। ঠাকুরগাঁও প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছাড়াও তিনি ছিলেন নির্বাহী কমিটির সভাপতি। তার মেয়াদকালে প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়, যাতে কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি সভাপতি বা সাধারণ সম্পাদক পদে থাকতে না পারেন।

সাংবাদিকতার বাইরে মেরাজুল হোসেন মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ছিলেন।

সারা জীবন তিনি সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে নিবেদিত ছিলেন। বিশেষ করে ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন, নারীর ক্ষমতায়ন এবং কৃষক ও শ্রমিকদের অধিকার রক্ষায় তিনি কাজ করেছেন।

তিনি স্ত্রী, দুই কন্যা, এক জামাতা এবং অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও অনুরাগী রেখে গেছেন।

মেরাজুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার বেলাল হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক, উদিচি, স্থানীয় সাংবাদিক ও সামাজিব-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পারিবারিক সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় ঢাকা থেকে তার মরদেহ ঠাকুরগাঁও অভিমুখে রওয়ানা হওয়ার কথা রয়েছে। আগামীকাল শনিবার জানাজা ও পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করার সময় পরে চূড়ান্ত হবে। দাফনের আগে তাকে ঠাকুরগাঁও প্রেসক্লাবে শেষ শ্রদ্ধা জানানো হবে।