শিরোনাম

ঢাকা, ১৪ জুন, ২০২৬ (বাসস) : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, শুধু মেধা ও কারিগরি দক্ষতা অর্জন করাই প্রকৌশল শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিত নয়; তাদের সৎ, নৈতিক ও দায়িত্বশীল মানবসম্পদ হিসেবেও গড়ে উঠতে হবে।
তিনি বলেন, ‘মেধা ও দক্ষতার সঙ্গে নৈতিকতা, সততা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটলে তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রÑসবার জন্যই কল্যাণকর হবে।’
আজ রোববার রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়ন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে দক্ষ প্রকৌশলীর পাশাপাশি নৈতিক নেতৃত্বসম্পন্ন পেশাজীবীর প্রয়োজন রয়েছে। দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও উদ্ভাবনবান্ধব সমাজ গঠনে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ডিগ্রি সম্পন্ন করার পর শিক্ষার্থীরা দেশের বিভিন্ন খাত ও পেশায় গুরুত্বপূর্ণ দায়ি জয় ত্ব পালন করবে। তাই তাদের শুধু একাডেমিক উৎকর্ষ নয়, সামাজিক দক্ষতা, নেতৃত্বগুণ এবং মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে।
এমআইএসটি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও পেশাগত উৎকর্ষের চর্চা বিশেষভাবে গুরুত্ব পায়।
অধ্যাপক ড. মামুন আহমেদ শৃঙ্খলার এই ইতিবাচক ধারা বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, সামাজিক সম্পৃক্ততা ও ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
তিনি এমআইএসটি কর্তৃপক্ষকে এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার অনুরোধ করেন, যেখানে শৃঙ্খলা ও মানবিক বিকাশের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। দেশে উচ্চশিক্ষার বিস্তার ঘটলেও সে অনুপাতে শিক্ষার মান বাড়েনি বলে মন্তব্য করেন ইউজিসি চেয়ারম্যান।
তিনি বলেন, ‘দেশে বর্তমানে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। উচ্চশিক্ষা খাতের পরিধি বেড়েছে, কিন্তু সেই তুলনায় শিক্ষার মান বাড়েনি। এই পরিস্থিতি থেকে উত্তরণে ইউজিসি বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।’
তিনি জানান, মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতকরণের মাধ্যমে শিক্ষার্থীদের কর্মসংস্থান উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে ইউজিসি। এ লক্ষ্যে দক্ষতাভিত্তিক (স্কিলভিত্তিক) শিক্ষা, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক ও নীতিনির্ধারকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান।
তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে প্রকৌশলসহ সব বিভাগে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) বা ফলাফলভিত্তিক শিক্ষা কারিকুলামের আওতায় পাঠদান করা হয়। এর ফলে শিক্ষার্থীরা কর্মজীবনে প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জন করছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে আধুনিক গবেষণাগার ও ল্যাবরেটরি স্থাপন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আবাসন সুবিধাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কর্নেল মো. শাহাব উদ্দিন এবং কর্নেল মোহাম্মদ মোজাম্মেল হক। কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।