বাসস
  ০৩ জুন ২০২৬, ১৮:৪১

ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি হয়েছেন সাংবাদিক নেতা দিদার

সাংবাদিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. দিদারুল আলম দিদার। ফাইল ছবি

কুমিল্লা, ৩ জুন, ২০২৬ (বাসস) : কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক, শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. দিদারুল আলম দিদার। 

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা প্রতিষ্ঠানটির নতুন চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির অনুমোদন দিয়েছে।

শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. নুরুলী আলম স্বাক্ষরিত গত ২ জুনের এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে, প্রতিষ্ঠানের অধ্যক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত বিদ্যমান নীতিমালা ও প্রবিধানমালার আলোকে নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।     

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. দিদারুল আলম দিদার। সদস্য সচিব হিসেবে রয়েছেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। এছাড়া অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে মো. আবুল কালাম এবং শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে জেসমিন সুলতানা শিল্পী মনোনীত হয়েছেন।

শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কমিটি প্রতিষ্ঠানটির প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে।

দিদারুল আলম দিদারের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা জানান, এর আগে সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার পরিবেশের আধুনিকায়ন এবং প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনয়নে তার অবদান ছিল উল্লেখযোগ্য।

তার নেতৃত্বে প্রথমবারের মতো সরকারি অর্থায়নে নতুন একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথ সুগম হয়। পাশাপাশি ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। ফলজ, বনজ ও ঔষধি গাছের সমন্বয়ে সবুজায়ন কর্মসূচি প্রতিষ্ঠানটিকে একটি পরিবেশবান্ধব শিক্ষাঙ্গনে রূপ দিতে সহায়তা করে।

এছাড়া শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, শ্রেণিকক্ষের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। স্থানীয় শিক্ষাবিদ, সমাজসেবক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে শিক্ষাবান্ধব একটি সমন্বিত পরিবেশ গড়ে তোলার উদ্যোগও ব্যাপক প্রশংসিত হয়।
শুধু ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজ নয়, শিক্ষা বিস্তারে ব্যক্তিগত উদ্যোগেও দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন দিদারুল আলম দিদার। পিতা বিশিষ্ট সমাজসেবক আলী আহাম্মদ মৈশানের স্মৃতিকে ধারণ করে তিনি ২০০২ সালে প্রতিষ্ঠা করেন ‘আলী আহাম্মদ মৈশান মডার্ন স্কুল’। প্রতিষ্ঠানটি বর্তমানে এলাকায় মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া যুগোপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে তিনি একটি আধুনিক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগও গ্রহণ করেছেন।

পেশাগত জীবনে দিদারুল আলম দিদার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের চিফ রিপোর্টার ও ল’ ডেস্ক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত অধিকার, কল্যাণ ও মর্যাদা প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতা, শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তিনি দেশের গণমাধ্যম অঙ্গন ও সামাজিক পরিমণ্ডলে সুপরিচিত ব্যক্তিত্ব। কুমিল্লার ঐতিহ্যবাহী ময়নামতির মৈশান পরিবারের সন্তান দিদারুল আলম দিদার বিশিষ্ট সমাজপতি আলী আহাম্মদ মৈশানের পুত্র। ছাত্রজীবন থেকেই নেতৃত্ব, সংগঠন পরিচালনা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি এলাকায় ব্যাপক পরিচিতি অর্জন করেন।

স্থানীয় সচেতন মহল মনে করছে, তার অভিজ্ঞতা, নেতৃত্বগুণ, দূরদর্শী পরিকল্পনা এবং শিক্ষা উন্নয়নে দীর্ঘদিনের সম্পৃক্ততা ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সহায়ক হবে। শিক্ষা, অবকাঠামো ও প্রশাসনিক উৎকর্ষতায় প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিয়ে গিয়ে আধুনিক, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।