বাসস
  ০৩ জুন ২০২৬, ১৫:২৮

ভিন্ন ঘটনার ছবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত: বাংলাফ্যাক্ট

ঢাকা, ৩ জুন, ২০২৬ (বাসস) : ভিন্ন ঘটনার ছবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে দু’টো ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, পরিবারের সাথে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে রাবেয়া নামের এক শিক্ষার্থীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করে অচেতন অবস্থায় ফেলে রেখে যায় কিশোর গ্যাং সদস্যরা।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে দাবিটি সঠিক নয়। আলোচিত ছবিগুলো ভিন্ন ঘটনার। গত ২৯ এপ্রিল বরগুনায় বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। ছবিগুলো সে ঘটনার।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তীকাল সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।