বাসস
  ০২ জুন ২০২৬, ১৬:৩৯

সেন্টমার্টিনে মার্কিন সামরিক ঘাঁটি দাবি করে ছড়ানো ছবি এআই দিয়ে তৈরি : বাংলাফ্যাক্ট

ঢাকা, ২ জুন, ২০২৬ (বাসস): সেন্টমার্টিনে মার্কিন সামরিক ঘাঁটি দাবি করে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশের প্রবাল দ্বীপ সেন্টমার্টিন মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে গেছে এবং সেখানে সামরিক ঘাঁটি নির্মাণ করেছে- এমন দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, সেন্টমার্টিন মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে গেছে দাবি করে ছড়ানো ছবিটি সত্য নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে। এই কৃত্রিম ছবিটিকে বাস্তব ঘটনা দাবি করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি'র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।