বাসস
  ১৮ মে ২০২৬, ১৪:১৬

ডা. নাসিরকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক

ডা. নাসিরকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। ছবি: বাসস

ঢাকা, ১৮ মে, ২০২৬ (বাসস): শরীয়তপুর সদর হাসপাতালে এক রোগীর মৃত্যুর জেরে অতর্কিত হামলায় আহত চিকিৎসক ডা. নাসিরকে দেখতে হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

গত ১৫ মে রাতে হার্ট অ্যাটাকে এক রোগীর মৃত্যুর ঘটনায় দায়িত্বরত চিকিৎসক ডা. নাসিরের ওপর ওই হামলার চালানো হয়। গুরুতর অবস্থায় তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে গিয়ে বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. মনোয়ারুল কাদির বলেন, ‘দায়িত্ব পালনরত চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা দেশের স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং চিকিৎসকদের মাঝে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করে, যা অত্যন্ত উদ্বেগজনক। একজন চিকিৎসকের ওপর শারীরিক হামলা তাৎক্ষণিক ক্ষতিই নয়, বরং দীর্ঘমেয়াদি মানসিক যন্ত্রণারও কারণ হয়ে দাঁড়ায়।’

ডা. নাসিরের চিকিৎসায় সর্বোচ্চ আন্তরিকতা ও যত্ন নিশ্চিতে দায়িত্বরতদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় ডা. নাসিরের সহধর্মিণী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে দ্রুত ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা রক্ষা আইন’ প্রণয়নের জোর দাবি জানানো হয়।

ডা. নাসিরের চিকিৎসার বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আসাদুজ্জামান এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুসাররাত সুলতানার সঙ্গেও বিস্তারিত আলোচনা করেন ডা. বিটু।

এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ডা. আশরাফুল আলম; অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন; ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডা. মোহাম্মদ মাহমুদুর রহমান নোমান; এসওএসবির সদস্য সচিব ডা. আহমেদ সামি আল হাসান; ডা. মাসুদ রানা; অধ্যাপক ডা. শাদরুল আলম; ডা. রাশেদুল হাসান রিপন; ডা. মাহমুদ আলী বাবু; ডা. মিনার হোসেন; ডা. সামিউর রহমান সামী; ডা. মেহরাব হোসেন; ডা. জামশেদ তুষার; ডা. জাহিদ হাসান; ডা. রুম্মান খান; ডা. মামুন; ডা. হাফিজুর রহমান; ডা. রাজিব হাসান; ডা. হারুন অর রশীদ; ডা. আশীক ও ডা. রাহাতসহ আরও অনেকে।