শিরোনাম

ঢাকা, ১৮ মে, ২০২৬ (বাসস): জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৪শ’টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের এপ্রিল মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এছাড়াও সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৪শ’টি; ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৫৮ হাজার ১০৮টি এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৬৪০টি মামলায় সরকারি খরচে আইনি সহায়তা দেওয়া হয়েছে। মোট ৪ লাখ ৬৬ হাজার ১৪৮টি মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে।
এছাড়াও সরকারি খরচে ৫ লাখ ৭৪ হাজার ২৭৮ জনকে আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সংস্থার অধীনে সরকারি খরচে এই সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৭ হাজার ১৬৭ জন; দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের ৩ লাখ ২০ হাজার ৭৫৩ জন এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ২২ হাজার ১৫৩ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
একই সঙ্গে সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কলসেন্টারের (টোল ফ্রি-‘১৬৬৯৯’) মাধ্যমে ২ লাখ ৪ হাজার ২০৫ জনকে আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে।
দেশের অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের জন্য সরকারি খরচে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে এসব সেবা দেওয়া হচ্ছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করে।