বাসস
  ১৭ মে ২০২৬, ১৮:৫৩

শাহ আলী মাজারে হামলার ঘটনায় গ্রেফতারকৃত ৩ জন রিমান্ডে

ঢাকা, ১৭ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর মিরপুরে হযরত শাহ আলী (রহ.)-এর মাজারে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত তিন জনের দুই দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। 

রিমান্ডকৃতরা হলো- মো. আজম, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল ও আরমান দেওয়ান।

আজ তাদেরকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ।

এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদেরকে তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার রাতে মিরপুরের শাহ আলী মাজারে হামলা চালানো হয়। ওরশ চলাকালে হঠাৎ লাঠিসোঁটা হাতে কিছু লোক এসে  মাজারভক্তদের মারধর শুরু করে। 

এই ঘটনায়, ১৬ মে শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী এক মাজারভক্ত নারী।