শিরোনাম

ঢাকা, ১৭ মে, ২০২৬ (বাসস) : এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আজ রোববার পর্যন্ত ১৫৭টি হজ ফ্লাইটে ৬০ হাজার ৯৯১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, আজ সকাল ১০টা পর্যন্ত জেদ্দায় মোট ১৫৭টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে।
হজ বুলেটিন অনুযায়ী, গতকাল পর্যন্ত সৌদিতে ১৬ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং চারজন নারী। এসব হজযাত্রীদের ১২ জন মক্কায় এবং চারজন মদিনায় মারা গেছেন।
বুলেটিনে বলা হয়েছে, সৌদি মেডিকেল টিম গতকাল পর্যন্ত ৩২ হাজার ১৮৭ জন হজযাত্রীকে চিকিৎসা দিয়েছে। আর আইটি হেল্পডেস্ক ১৭ হাজার ৬৫০ জনকে সেবা দিয়েছে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জনকে হজ পালনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করছেন।
মোট ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে রয়েছে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।
এয়ারলাইনভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮০টি ফ্লাইটে ৩১ হাজার ৬৩৯ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৫৫টি ফ্লাইটে ২০ হাজার ৮৯৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
বাকি ১৭ হাজার ৩৯৬ জন হজযাত্রী নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে পর্যায়েক্রমে পৌঁছাবেন বলে জানান পরিচালক।
এর আগে, গত ১৭ এপ্রিল রাত ১১ টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকাস্থ সৌদি দূতাবাস এখন পর্যন্ত মোট ৭৮ হাজার ৩৮৭টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে রয়েছে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২২টি।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুন পর্যন্ত তা চলবে।