বাসস
  ১৭ মে ২০২৬, ১৬:৪৫

রাজধানীর শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা, ১৭ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় আজ সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
 
নিহত মোহাম্মদ সাজিত হাসান (৩৫) বেসরকারি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। 

নিহত সাজিত কদমতলির মেরাজনগর এলাকায় থাকতেন। তার বাবা মোহাম্মদ সোলাইমান জানান, ছেলে আল-মদিনা ফার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেড-এ কর্মরত ছিল। প্রতিদিনের মতো আজও সে অফিসের কাজে বেরিয়েছিল মোটরসাইকেলে চড়ে। এ সময় শনির আখড়ার মোড়ে দ্রুতগামী একটি সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় সে। পরে আমরা প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।