শিরোনাম

চট্টগ্রাম, ১৬ মে, ২০২৬ (বাসস): বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। তিনি বলেন, সকল ক্রান্তিকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।
নগরীর কাজীর দেউড়ি জিয়া স্মৃতি জাদুঘরে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটির (পিআরইউ) উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আজ শনিবার এসব কথা বলেন।
ব্যারিস্টার মীর হেলাল বলেন, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সবার আগে বাংলাদেশকে ধারণ করতে এই ধরনের ফোরাম (পিআরইউ) বাংলাদেশের জন্য খুবই জরুরি। দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হলে বাংলাদেশি জাতীয়তাবাদের কোনো বিকল্প নেই। বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাংলাদেশের আত্মিক অর্থে স্বাধীনতার ঘোষণা দেননি। তিনি বাকস্বাধীনতা ফেরত দিয়েছেন, সংবাদপত্রের স্বাধীনতা ফেরত দিয়েছেন, বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা এনে দিয়েছেন এবং একই সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করেছেন।
মীর হেলাল বলেন, আজকে বাংলাদেশের অর্থনীতি যে তিনটি স্তম্ভ- কৃষি, আরএমজি সেক্টর অর্থাৎ গার্মেন্টস সেক্টর এবং শ্রম রপ্তানি সেক্টরের ওপর দাঁড়িয়ে আছে- প্রবক্তা হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
পিআরইউ’র আহ্বায়ক হাসান মুকুলের সভাপতিত্বে ও সদস্যসচিব ইমরান এমির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা, মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, পিআরইউ’র উপদেষ্টা ও জাসাসের কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম আমিন, মহানগর বিএনপির সদস্য মাহবুব রানা প্রমুখ।