বাসস
  ১৬ মে ২০২৬, ২০:১৫

চট্টগ্রামে মহেশখালসহ কয়েকটি খালের মুখ পরিদর্শন তিন প্রতিমন্ত্রীর

ছবি : বাসস

ঢাকা, ১৬ মে, ২০২৬ (বাসস): চট্টগ্রাম মহানগরীর মহেশখালসহ কয়েকটি খালের মুখ আজ শনিবার সরেজমিনে পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। 

ওইসব খালের সম্মুখ ভাগে ড্রেজিং বাবদ চট্টগ্রাম বন্দরের নিজস্ব তহবিল থেকে প্রায় ৮৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে, যার সুফল চট্টগ্রামবাসী পাচ্ছে এবং ভবিষ্যতেও পাবে বলে আশা করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)। প্রতিমন্ত্রীগণ নদী মুখের বিদ্যমান ব্যবস্থাদি দেখে সন্তোষ প্রকাশ করেন। তারা আসন্ন বর্ষা মৌসুমে নদীমুখ ভরাটের কারণে যেন নগরীতে কোনো জলাবদ্ধতা সৃষ্টি না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

এসময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। চবক-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিমন্ত্রীগণকে এ বিষয়ে বিস্তারিত অবহিত করেন।

কর্ণফুলী নদীর যথাযথ নাব্যতা রক্ষা ও অন্তর্গত খাল সমূহের মুখে নিরবচ্ছিন্ন পানির প্রবাহ নিশ্চিত করার জন্য চবক-এর নিজস্ব অর্থায়নে ড্রেজিং এর কার্যক্রম চলমান রেখেছে। এর ফলে চট্টগ্রাম শহরের পানি নিষ্কাশন সহজ হয়েছে, যা আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

পরিদর্শনকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক, চিফ হাইড্রোগ্রাফর কামান্ডার ওবায়েদুর রহমান, ভারপ্রাপ্ত পরিচালক (পরিবহন) গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলাম, পরিচালক (নিরাপত্তা) লে. কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান এবং চবক এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।