বাসস
  ১৬ মে ২০২৬, ১৫:১৩

ভারতীয় হাই কমিশনের উদ্যোগে পঞ্চগড়ে ইয়োগা রান-আপ

ছবি : বাসস

পঞ্চগড়, ১৬ মে, ২০২৬ (বাসস) : আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষ্যে ভারতীয় হাই কমিশন ও পঞ্চগড় জেলা পরিষদ আয়োজিত রান-আপ আজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্ত্বরে এই রান-আপ অনুষ্ঠিত হয়।

ভারতীয় দূতাবাসের রাজশাহী অঞ্চলের সহকারী কমিশনার মনোজ কুমারের সভাপতিত্বে এতে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বানসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

বক্তারা শারিরীক সুস্থতা নিশ্চিতে যোগ ব্যায়াম করতে সকলকে আহ্বান জানান। পরে পঞ্চগড় ইয়োগা ক্লাবের সদস্যরা যোগ ব্যায়াম প্রদর্শন করেন। 

এসময় ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেন, ইয়োগা এখন বিশ্বের অনেক দেশে প্রচলিত হয়েছে। সবাই এই ব্যায়ামের মাধ্যমে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা করছে। সবার উচিত ইয়োগা ব্যায়াম করা। 

পরে তিনি বাংলাদেশের নাগরিকদের সহজে ভারতীয় ভিসা পেতে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিদিন অন্তত তিনবার না হলেও অন্তত একটিবার আমরা যেন ইয়োগা করি। যার যেটুকু সময় পাওয়া যায় দলগতভাবে, পারিবারিকভাবে, সন্তানদের সমন্বয়ে, স্ত্রী-সন্তানদেরকে নিয়ে অথবা এককভাবেও আমরা ঘরের বারান্দায় বা সুন্দর একটি নিরিবিলি জায়গায় আমরা এটা করতে পারি। 

তিনি বলেন, আমার বিশ্বাস আমরা নিজেকে অনেক সংশোধন করতে পারব। আমাদের বিশেষ করে এই ইয়োগার মধ্য দিয়ে এখানে বসে আছি, আমি নিজেকে কক্সবাজার নিয়ে যেতে পারব। আমি নিজেকে কক্সবাজারের সমুদ্রের মধ্যে, সেখানে দাঁড় করাতে পারব। যেটা এআই প্রযুক্তির মাধ্যমে করা সম্ভব হচ্ছে। 
আমি আশা করব, আমরা সবাই এই প্র্যাকটিসটা করবো।