বাসস
  ১৬ মে ২০২৬, ১২:১২
আপডেট : ১৬ মে ২০২৬, ১৪:০১

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার ইন্তেকাল

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা। ফাইল ছবি

মুন্সীগঞ্জ, ১৬ মে, (বাসস) : সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী  মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক এবং মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহা (৮৩) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ২টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। মিজানুর রহমান সিনহা ১৯৪৩ সালে ১৮ আগষ্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম হামিদুর রহমান সিনহা। মিজানুর রহমান সিনহা ঔষধ শিল্পগোষ্টি একমি গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। 

তিনি মুন্সীগঞ্জ-২ (লৌহজং -সিরাজদিখান ) আসন থেকে ১৯৯৬ এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। 

মিজানুর রহমান সিনহা নারায়ণগঞ্জের তোলারাম কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯০ সালে বিএনপি’তে যোগ দেন। 

মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ এবং মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন শোক প্রকাশ করেছেন।

মিজানুর রহমান সিনহার মেয়ে একমি গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসনিম সিনহা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।