বাসস
  ১৫ মে ২০২৬, ২০:৫৪

দেশজুড়ে প্রতিভা বিকাশের ধারা শক্তিশালী করতে চায় সরকার : মীর হেলাল 

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন শুক্রবার বিকেলে চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত ‘শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ করেন। ছবি: বাসস

চট্টগ্রাম, ১৫ মে, ২০২৬ (বাসস) : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ক্রীড়া ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের সবচেয়ে উজ্জ্বল প্রতিচ্ছবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে, সুস্থ শরীর ও সৃজনশীল মননই পারে একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তুলতে। 

তিনি বলেন, এ লক্ষ্যে দেশব্যাপী ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, নতুন প্রজন্মের জন্য প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং শহর থেকে গ্রাম পর্যন্ত দেশজুড়ে প্রতিভা বিকাশের ধারাকে শক্তিশালী করতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। 

শুক্রবার বিকেলে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্স ইনডোর স্পোর্টস কমপ্লেক্সে চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত ‘শাহ ও সেলিনা আলম ২য় কারাতে প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই সারা দেশে নতুন কুঁড়ি স্পোর্টস এর আয়োজন করেছে। আগামী প্রজন্মকে নতুনভাবে গড়ে তোলার জন্যই এ আয়োজন। সুতরাং এই ধরনের কারাতে চর্চা যত বাড়বে, ততই আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুন্দর ও সমৃদ্ধ হবে।

মীর হেলাল আরও বলেন, দেশের নতুন প্রজন্মকে নতুনভাবে গড়ে তোলাই সরকারের প্রধানতম লক্ষ্য। একটি সুস্থ, সচেতন ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। 

তিনি বলেন, ক্রীড়ার মাধ্যমে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্ব বিকশিত হয়। এসব গুণের সমন্বয়ে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি তরুণ হবে আত্মবিশ্বাসী, দক্ষ ও দেশপ্রেমে উজ্জীবিত। সেজন্য আমি এই ধরনের আয়োজনকে উৎসাহিত করি এবং এতে আমার সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের সভাপতি সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবু মোশাররফ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রধান কোচ কাউসার আহমেদ। 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, ফয়সাল আহমেদ, উপ-পুলিশ কমিশনার মো. ফেরদৌস আলী চৌধুরী, মো. হাবিবুর রহমান, শ্রীমা চাকমা, প্রতিমন্ত্রীর একান্ত সচিব আমিনুল ইসলাম, বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য আবু আহমেদ হাসনাত, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য শরিফুল ইসলাম তুহিন প্রমুখ। 

অনুষ্ঠানে আকর্ষণীয় ডিসপ্লে পরিচালনা করেন ওয়ার্ল্ড ও এশিয়ান কারাতে ফেডারেশনের রেফারি ও জাজ শিহান কাউসার আহমেদ ও বাংলাদেশ পুলিশের কারাতে কন্যা এস আই লতা পারভীন। প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন।