বাসস
  ১৫ মে ২০২৬, ১৯:৩৮

রংপুর বিভাগে ৩৩ ভাগ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন

ছবি: বাসস

রংপুর, ১৫ মে. ২০২৬ (বাসস) : অস্বাস্থ্যকর জীবন যাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, মানসিক চাপ, শারীরিক পরিশ্রমের অভাব এবং অনিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কারণে দেশে দিন দিন উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এক পরিসংখ্যান অনুযায়ী, রংপুর বিভাগের ৩৩ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন।

শুক্রবার বিকেলে ‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস’ উপলক্ষ্যে ‘হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার’ এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ তথ্য জানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. মো. জাকির হোসেন।

তিনি বলেন, ‘হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার’ শুধু চিকিৎসা প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও গবেষণাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে সুস্থ সমাজ গঠনে কাজ করছে। 

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৩২২টি ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন করেছে। এসব ক্যাম্পে বিনামূল্যে রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা করা হয়েছে।

সভায় বক্তারা বলেন, উচ্চ রক্তচাপ অনেক সময় কোনো দৃশ্যমান উপসর্গ ছাড়াই শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতি করে। এ কারণে একে ‘নীরব ঘাতক’ বলা হয়। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি বিকল, ব্রেন হেমারেজ ও দৃষ্টিশক্তি হ্রাসসহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পায়। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের ওপর গুরুত্ব দিতে হবে।

‘একসাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মুহাম্মদ জহুরুল হক। 

বিশেষ অতিথি ছিলেন কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোখলেছুর রহমান সরকার।

এছাড়াও বক্তব্য রাখেন আইআরবি বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. শাহ মোহাম্মদ সারোয়ার জাহান, প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য ডা. মফিজুল ইসলাম মান্টু, রাকাবের ডিজিএম মাহিদুল ইসলাম এবং সুজন-এর জেলা সভাপতি ফখরুল আনাম বেঞ্জু।

অনুষ্ঠানের শুরুতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস ও চিকিৎসা বিষয়ে একটি মূল প্রবন্ধ উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের সিও আনোয়ার হোসেন। 

সভায় রংপুরের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।