বাসস
  ১৫ মে ২০২৬, ১৭:২৭

রাজধানীতে ১৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

ঢাকা, ১৫ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ বৃহস্পতিবার বিকালে খিলগাঁও এলাকায় এই বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

শুক্রবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- লিটন বেপারী (৪৩), সাইমুম খান (৪০) ও মো. মুঞ্জুর (২৮)।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্র জানায়, কয়েকজন মাদক কারবারি খিলগাঁও গভঃমেন্ট স্টাফ কোয়ার্টার জামে মসজিদের বিপরীত পাশে মালিবাগ রেলগেটগামী রাস্তার যাত্রী ছাউনির সামনে মাদক বিক্রির জন্য অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে  পুলিশ অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করে। 

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা উদ্ধারকৃত গাঁজা বিক্রির জন্য নিজ হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে  পুলিশ জানিয়েছে।