বাসস
  ১৫ মে ২০২৬, ০০:২০

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠেয় ডব্লিউইউএফ-১৩-এ যোগ দেবে ওয়ার্ল্ড লিংকআপ

ছবি: সংগৃহীত

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশভিত্তিক সামাজিক উদ্যোগ প্রতিষ্ঠান ‘ওয়ার্ল্ড লিংকআপ’ জাতিসংঘের ওয়ার্ল্ড আরবান ফোরাম (ডব্লিউইউএফ)-এর ১৩তম অধিবেশনে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে।

এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির সাত সদস্যের একটি প্রতিনিধি দল আগামী ১৬ মে আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ছয় দিনব্যাপী এ সম্মেলন আগামী ১৭ থেকে ২২ মে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হবে।

ফোরামে ১৭১টি দেশের নীতিনির্ধারক, সরকারপ্রধান, মন্ত্রী এবং মেয়রগণ এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সম্মেলনে ওয়ার্ল্ড লিংকআপ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহ। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- আফসানা মাহমুদ, নিশাত খন্দকার, ফাইজা ফারহা, মোহনা হক, তাসিন খান ও মারুফ বিল্লাহ।

সম্মেলনে ওয়ার্ল্ড লিংকআপ তাদের উদ্ভাবনী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ওয়েস্ট টু ওয়েলথ : বিল্ডিং রেজিলিয়েন্ট সিটিজ অ্যান্ড কমিউনিটিজ' এবং তাদের প্রধান প্রকল্প  'ওয়ার্ল্ড লিংকআপ স্মার্ট ওয়েস্ট ইনিশিয়েটিভ' উপস্থাপন করবে।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রকল্পটি জাতিসংঘের মানব বসতি কর্মসূচি ইউএন- হেবিটেট কর্তৃক আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে।

নির্বাচিত চলচ্চিত্রটিতে তুলে ধরা হয়েছে, কীভাবে উদ্ভাবনী বর্জ্য ব্যবস্থাপনা সমাধান পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।

ইউএন- হেবিটেট কর্তৃক চলচ্চিত্রটির স্বীকৃতি পাওয়া শুধু ওয়ার্ল্ড লিংকআপের জন্যই বড় অর্জন নয়, এটি বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এটি বৈশ্বিক পরিসরে বাংলাদেশের জলবায়ু নেতৃত্ব ও উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরার একটি তাৎপর্যপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।

ওয়ার্ল্ড লিংকআপ স্মার্ট ওয়েস্ট ইনিশিয়েটিভের মাধ্যমে প্রতিবছর প্রায় ৩ কোটি টন জৈব বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনা এবং প্রায় ১ লাখ ৪৮ হাজার টন কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

যুব নেতৃত্ব, জলবায়ু কার্যক্রম এবং টেকসই নগর উন্নয়নের মাধ্যমে সহনশীল নগর ও জনপদ গড়ে তুলতে উদ্যোগটি কাজ করে যাচ্ছে।