বাসস
  ১৪ মে ২০২৬, ২৩:২৬

সোহরাওয়ার্দী উদ্যানে ছদ্মবেশে পুলিশের অভিযানে ৭ মাদকসেবী গ্রেফতার

ঢাকা, ১৪ মে ২০২৬ (বাসস) : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে অভিনব এক কৌশল অবলম্বন করে ৭ মাদকসেবীকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ। গতকাল বুধবার রাতে ছদ্মবেশে গান গাওয়ার আড়ালে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।  

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

গ্রেফতারকৃতরা হলো- মো. মামুনুর রহমান (২৪), মো. রানা (১৯), সজীব অধিকারী, মো. শহীদুল ইসলাম (৪২), মো. রাকিব হোসেন (১৯), মো. আল আমিন (১৯) ও মো. মাছুম ভূইয়া (২৪)।

জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিচরণ ঠেকাতে সাধারণ পোশাকে ছদ্মবেশ ধারণ করে বুধবার রাতে অভিযান চালায় শাহবাগ থানার একটি বিশেষ টিম। এসময় তারা গানের আসর জমানোর মতো অভিনব কৌশল অবলম্বন করেন। মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা বিষয়টি বুঝতে না পেরে সেখানে সমবেত হলে তাদের গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদের রমনা বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে প্রেরণ করা হয়। আদালত গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মাদক নির্মূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের সৃজনশীল ও কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।