বাসস
  ১৪ মে ২০২৬, ২২:৩৫

নৌ পুলিশের অভিযানে ১ সপ্তাহে ২৬৪ জন গ্রেফতার

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ গত এক সপ্তাহ দেশব্যাপী অভিযান চালিয়ে ২৬৪ জনকে গ্রেফতার করেছে।

এ সময় বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার সরঞ্জাম, মাছের পোনা ও জেলি মেশানো চিংড়ি জব্দ করা হয়। নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ২ কোটি ৮০ লাখ ৩১ হাজার ৯শ ৮০ মিটার মাছ ধরার অবৈধ জাল, ২ হাজার ৫৯৫ কেজি মাছ, ৮ লাখ ২১ হাজার চিংড়ির পোনা, ৫ লাখ বাটা মাছের পোনা, ৬০ হাজার পারশে মাছের পোনা, ২ হাজার বাগদা চিংড়ির পোনা এবং ১৫০ কেজি জেলি মেশানো চিংড়ি উদ্ধার করা হয়েছে।

অভিযানে নৌ পুলিশ অবৈধভাবে মাছ ধরার জন্য নদীতে তৈরি করা ১৪৭টি অবৈধ ঝোপঝাড় ধ্বংস করে। বৈধ কাগজপত্র না থাকায় ৮৩টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করে কর্তৃপক্ষ এবং একটি ড্রেজার জব্দ করা হয়। 

সপ্তাহব্যাপী এই অভিযানে ৮৮টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে মৎস্য আইনের অধীনে ৬৯টি, গতি লঙ্ঘনের জন্য পাঁচটি, বালু উত্তোলন সংক্রান্ত বিধিমালা সম্পর্কিত তিনটি এবং মাদকসংক্রান্ত তিনটি মামলা রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় নদী থেকে নয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জব্দ করা অবৈধ জাল এবং জেলি মেশানো চিংড়ি ধ্বংস করা হয়েছে এবং জব্দ করা মাছের পোনা জলাশয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অবশিষ্ট মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।