শিরোনাম

চট্টগ্রাম, ১৪ মে, ২০২৬(বাসস) : সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের তৃতীয় দফা জানাযা শেষে চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নেওয়া হয় তার নিজ উপজেলা মিরসরাইয়ে। সেখানে বাদ আসর ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সকালে মরদেহ জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে আনার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধা জানান।
জানাজায় অংশ নেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, সিপিবির সাবেক সভাপতি শাহ আলম প্রমুখ। তারা মহান মুক্তিযুদ্ধে মোশাররফ হোসেনের ভূমিকা এবং চট্টগ্রামের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। পরিবারের পক্ষে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বড় ছেলে সাবেদুর রহমান তার পিতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এরআগে বুধবার (১৩ মে) সকাল ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার আসর নামাজের পর গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। স্বাধীনতার পর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে ছয় বার সংসদ সদস্য নির্বাচিত হন।