শিরোনাম

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া, সাইবার প্রতারণা ও অবৈধ ডিজিটাল আর্থিক লেনদেনের অভিযোগে ছয় চীনা নাগরিকসহ নয় জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ।
রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোÑ এম এ জেআইই (৩৩), ঝাং জিয়াহাও (২২), লিও জিঞ্জি (৩২), ওয়াং শিবো (২৪), চাং তিয়ানতিয়ান (২৯), জেমস ঝু (৪৩), মো. কাউসার হোসেন (২৪), মো. আব্দুল কারিম (২৮) ও রোকন উদ্দিন (৪০)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ এ তথ্য জানিয়েছেন।
বুধবার ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম নিয়মিত সাইবার মনিটরিংকালে তাদেরকে গ্রেফতার করে।
উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টর এলাকায় কাউসার, করিম ও রোকনকে এবং একই দিনে তুরাগ থানাধীন রুপায়ন হাউজিং এস্টেট এলাকায় চীনা নাগরিকদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিম ও নগদ অর্থসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম গ্রুপ ও বিভিন্ন ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়ার বিজ্ঞাপন, ডিপোজিট বোনাসের প্রলোভন এবং বিকাশ ও নগদ ব্যবহার করে অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত।
এসব ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষকে স্বল্প সময়ে দ্বিগুণ-তিনগুণ লাভের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রমনা থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে।