বাসস
  ১৪ মে ২০২৬, ১৭:২৪

জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামাদিসহ গ্রেফতার ৩

 ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর উত্তরা পূর্ব থানা ও গাজীপুর মহানগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামাদিসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মো. মজিবুর রহমান (৩৮), মো. দুলাল মৃধা (৪০) ও  মো. মামুন (২৫)।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার উত্তরা পূর্ব থানাধীন সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে থেকে মো. মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ লাখ জাল টাকা এবং জাল টাকা বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন গাজীপুর মহানগর বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে দুলাল মৃধা ও মামুনকে গ্রেফতার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে আরো ৩০ লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ, তিনটি কালার প্রিন্টার, এক রোল সোনালী রংয়ের ফয়েল পেপার, ২০০টি সিকিউরিটি ট্যাগ ও জলছাপ সম্বলিত সাদা কাগজ, ১০০টি একপাশে ১০০০ টাকার প্রিন্ট করা কাগজ, ২ লিটারের ২টি তরল জাতীয় গাম, একটি কাটার এবং জলছাপ বসানোর ২টি ডাইস উদ্ধার করা হয়।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বিভিন্ন পশুর হাট ও বিপনি বিতানে তাদের তৈরিকৃত জাল টাকা সহযোগীদের মাধ্যমে বাজারে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। তাদের  বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।