শিরোনাম

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ সেবা কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলাম।
আজ তিনি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরের আওতাধীন ৫০টি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারের (সিএএফও) কার্যালয়ে পরিচালিত বিশেষ সেবা কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিনিয়র) মো. শরীফুল ইসলাম ও ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (এঅ্যান্ডআর) মিয়াজী মো. সাইফুল্লাহ সোবহানসহ সংশ্লিষ্ট কার্যালয়গুলোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিশেষ সেবা কার্যক্রমের আওতায় সম্মানিত পেনশনভোগী ও সেবাগ্রহীতাদের জন্য বেতন-ভাতা ও পেনশনসংক্রান্ত সমস্যার তাৎক্ষণিক সমাধান, লাইফ ভেরিফিকেশন, সংশ্লিষ্ট অ্যাপস বিষয়ে অবহিতকরণ, সাধারণ ভবিষ্য তহবিলের নিষ্পত্তি, ওয়ানস্টপ সার্ভিস সেন্টার, প্রকল্প হিসাব এবং বিভিন্ন অটোমেশন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন সিএজি।
এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
তিনি প্রতিবন্ধী সন্তান ও তার প্রাপ্যতার বিষয়সহ পারিবারিক ও পুনঃস্থাপিত পেনশন দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সিএজি বলেন, ‘বর্তমান সরকার জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সেবাপ্রদান ব্যবস্থাকে আরও সহজ, মানবিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
তিনি সম্মানিত পেনশনভোগীসহ সব সেবাগ্রহীতার কাছে গুণগত সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, মানবিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কার্যালয়ের কর্মকর্তারা বিশেষ সেবা কার্যক্রমের বিভিন্ন দিক সিএজিকে অবহিত করেন।
এ সময় সেবাগ্রহীতারাও তাৎক্ষণিক ও আন্তরিক সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য, সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ থেকে ১৯ মে পর্যন্ত দেশব্যাপী বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এর আওতায় ১৭টি অডিট অধিদপ্তর, সিজিএ, ৫০টি সিএএফও কার্যালয়, ৮ বিভাগ, ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা, সিজিডিএফ, এসএফসি, এফসি ও বিভিন্ন সেনানিবাসে অবস্থিত এরিয়া এফসি/এফপিও অফিসসহ দেশের সব নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসে এ কার্যক্রম চলছে।
এই কর্মসূচির আওতায় বেতন নির্ধারণ, পেনশন, জিপিএফ, টিএ বিল, কমিউটেশন বিল ও নেট এনটাইটেলমেন্ট কেসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা দ্রুততা ও আন্তরিকতার সঙ্গে প্রদান করা হচ্ছে।
পরে বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে সম্মানিত পেনশনভোগীদের মাঝে চেক বিতরণ করেন সিএজি মো. নূরুল ইসলাম।