বাসস
  ১৪ মে ২০২৬, ১৪:১৯
আপডেট : ১৪ মে ২০২৬, ১৪:৩৩

ফেনী সীমান্তে চোরাচালানকালে গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ বিজিবির

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : ফেনীর সীমান্ত এলাকায় চোরাচালানকালে গাঁজাসহ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধীনস্থ কেতরাংগা, তারাকুচা, দেবপুর ও চম্পকনগর বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৩ মে বিওপিগুলোর বিশেষ টহল দল ফেনী জেলার ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়।

অভিযানে গাঁজা, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, বিস্কুট, চকলেট এবং চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ ৮৩ হাজার ২২০ টাকা। এসব মালামাল পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে সবসময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।