বাসস
  ১৪ মে ২০২৬, ১৩:৪৩

জনগণের মৌলিক অধিকার রক্ষায় কাজ করছে সরকার: খোকন তালুকদার এমপি

ছবি : বাসস

মাদারীপুর, ১৪ মে, ২০২৬ (বাসস): মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষায় কাজ করছে সরকার। তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন আল্লাহ যদি তাকে সুস্থ রাখেন তাহলে এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের সকল মানুষের মৌলিক অধিকার পূরণ করা সম্ভব হবে বলে আমার বিশ্বাস। 

আজ সকালে ডাসার উপজেলার খাতিয়াল এলাকার সোহেল হাওলাদারের দোকান থেকে শাহজাহান হাওলাদারের বাড়ির ব্রিজ ও হায়দার মাতুব্বরের বাড়ি থেকে কান্তি মন্ডলের বাড়ি পর্যন্ত গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) ২টি রাস্তার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি জুনের পর এই রাস্তাঘাট অবকাঠামোর অনেকগুলো টেন্ডার আসবে। আমরা অনেক কর্মসূচি হাতে নিয়েছি। এরমধ্যে রয়েছে, উপজেলা প্রধান সড়ক, ইউনিয়ন প্রধান সড়ক, গ্রামীণ রাস্তা, কালভার্ট ও খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ। 

এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাফিজুর রহমান, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান, কালকিনি উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আ. সালাম খান, বালীগ্রাম ইউপি চেয়ারম্যান মজিবর রহমান খানসহ বিএনপি’র অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।