বাসস
  ১৪ মে ২০২৬, ১২:০১

ভোলায় কোটি টাকা মূল্যের সামুদ্রিক ইলিশ জব্দ  

ভোলায় কোস্টগার্ড দক্ষিণ জোনের বিশেষ অভিযানে এক কোটি টাকার বেশি মূল্যের ১০ হাজার ১৪০ কেজি সামুদ্রিক ইলিশ মাছ জব্দ। ছবি: বাসস

ভোলা, ১৪ মে ২০২৬ (বাসস) : জেলায় কোস্টগার্ড দক্ষিণ জোনের  বিশেষ অভিযানে এক কোটি টাকার বেশি মূল্যের ১০ হাজার ১৪০ কেজি সামুদ্রিক ইলিশ মাছ জব্দ করা হয়েছে। সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্ট গার্ড এই যৌথ অভিযান পরিচালনা করে। 

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গতকাল বুধবার (১৩ মে) রাত সোয়া ৮ টার দিকে  গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে সরকার ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। উক্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে কোস্ট গার্ড বেইস ভোলা ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে  (১২ মে) মঙ্গলবার রাত ১০ টায় ভোলার সদর থানাধীন পানপট্টি বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৩ টি ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ১০ হাজার ১৪০ কেজি সামুদ্রিক ইলিশ মাছ জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত মাছ ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

‎তিনি বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।