শিরোনাম

ঢাকা, ১৪ মে, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী এবং চব্বিশের গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শহীদ এস এম শাহরিয়ার আলম সাম্যর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইইআর প্রাঙ্গণে এ সভার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন আইইআর-এর পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগমসহ ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ।
স্মৃতিচারণকালে বক্তারা সাম্যর রাজনৈতিক ও একাডেমিক জীবনের নানা দিক তুলে ধরেন। ছাত্রদলের নেতৃবৃন্দ এবং সাম্যর সহপাঠীরা তার স্মৃতিকে ক্যাম্পাসে অম্লান রাখতে একটি স্মৃতি স্মারক স্থাপনের দাবি জানান। এ প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভায় শহীদ সাম্যর বাবা ফখরুল আলম এবং বড় ভাই ডা. এস এম শহীদুল আলম শৈবাল তাদের প্রিয়জনের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন।
এ ছাড়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মো. ইয়াহইয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান এবং ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বক্তব্য দেন।
অনুষ্ঠানে ঢাবি ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাম্যর বন্ধুদের মধ্য থেকে স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন এবং সহপাঠী সুপ্ত বক্তব্য রাখেন।
এস এম শাহরিয়ার আলম সাম্য বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন।
২০২৫ সালের ১৩ মে দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন সাম্য। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।