বাসস
  ১৩ মে ২০২৬, ২১:৩৬

কোরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের লক্ষ্য নির্ধারণ করেছে ডিএসসিসি : প্রশাসক

ছবি : বাসস

ঢাকা, ১৩ মে, ২০২৬ (বাসস) : আসন্ন ঈদুল আজহায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় কোরবানির পশু বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। 

তিনি বলেন, দায়িত্বশীল ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও থাকবে।

আজ বুধবার দুপুরে রাজধানীর দয়াগঞ্জে পরিচ্ছন্নতা কর্মী নিবাস পরিদর্শন শেষে কর্মী ও স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময়কালে প্রশাসক এসব কথা বলেন।

নগর পরিচ্ছন্নতায় নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে মো. আবদুস সালাম বলেন, ‘শুধু পরিচ্ছন্নতা কর্মীদের ওপর নির্ভর করে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। ড্রেন ও খালে ময়লা ফেলার কারণেই জলাবদ্ধতা তৈরি হয়। নগরবাসীকেও দায়িত্বশীল হতে হবে।’

তিনি বলেন, পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়ন ও নিরাপদ আবাসন নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন এলাকায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৮টি বহুতল আবাসন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। 

ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনগুলো অপসারণ করে পর্যায়ক্রমে এসব আবাসন গড়ে তোলা হবে বলে তিনি জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমানে পরিচ্ছন্নতা কর্মীদের বসবাসরত অনেক ভবনই অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নতুন ভবন নির্মাণের আগে বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করা হবে, যাতে কেউ দুর্ভোগে না পড়েন।

তিনি বলেন, ‘আপনারা যত দ্রুত সহযোগিতা করবেন, আমরা তত দ্রুত আধুনিক আবাসন নির্মাণের কাজ সম্পন্ন করতে পারব।’

প্রশাসক জানান, মিরনজিল্লা, ধলপুর, গণকটুলি, দয়াগঞ্জ, ওয়ারী ও পোস্তগোলাসহ বিভিন্ন পরিচ্ছন্নতা কর্মী কলোনিতে ১৮টি বহুতল ভবন নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে দ্রুত বাস্তবায়ন কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, নতুন আবাসন প্রকল্পে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল বাসিন্দার সমান নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। আবাসন এলাকায় শিশুদের জন্য খেলার মাঠ, উপাসনালয় এবং প্রয়োজনীয় নাগরিক সুবিধাও রাখা হবে।

পরিচ্ছন্নতা কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগের কথাও তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক। তিনি জানান, কর্মীদের বকেয়া বিদ্যুৎ বিল কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হবে এবং গ্যাস বিল পরিশোধে ডিএসসিসি সহায়তা করবে।

পরিদর্শনকালে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, স্থানীয় জনপ্রতিনিধি এবং ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।