বাসস
  ১৩ মে ২০২৬, ২১:২৮

প্রান্তিক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় : মীর হেলাল

ছবি : বাসস

চট্টগ্রাম, ১৩ মে, ২০২৬ (বাসস) : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলছেন, সরকার সুবিধা বঞ্চিত মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে। কারন দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। 

সরকারের ৯০ দিন বয়সের মধ্যে নিজের সংসদীয় আসনে ৫৪টি উন্নয়ন প্রকল্পের মধ্যে বেশ কয়টি উন্নয়ন কাজের  উদ্বোধন, কোনটি ভিত্তি প্রস্তর স্থাপন, আবার কোনটি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে বলে- জানান তিনি।  

আজ বুধবার (১৩ মে) চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন আয়োজিত প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে নগদ অর্থ, ঢেউ টিন বিতরণ, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, অস্বচ্ছল পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ, হালদা নদীর তীরর্বতী নিবন্ধিত মৎস্যজীবীদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে এআইজি সহায়তা (সেলাই মেশিন) বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনে করনীয় শীর্ষক আলোচনা, আন্তঃ স্কুল ও মাদ্রাসা বিতর্ক প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

হাটহাজারী উপজেলার পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। 

প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মধ্যে তিন পরিবারে প্রতি পরিবারের মধ্যে দুই বান্ডিল ঢেউ টিন এবং নগদ দুই হাজার টাকা করে সরকারের ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের পক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তর সহায়তা প্রদান করে। ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করে সরকারের পক্ষে নৈতিক দায়িত্ব পালন করা হয়েছে। তাছাড়া অস্বচ্ছল দুই পরিবারের মধ্যে নগদ ছয় হাজার করে টাকা প্রদান করা হয়েছে। এই সহায়তা সরকারের প্রান্তিক জনগণের কিছুটা হলেও উপকার হবে বলে তিনি উল্লেখ করেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের সঞ্চালনায় মাদক মুক্ত সমাজ গঠনে করণীয় শীর্ষক আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন র‌্যাব-৭ এর কর্মকর্তা সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরমেশ্ব দাশ, কেন্দ্রীয় বিএনপি নেতা সাথী উদয় কুসুম বড়ুয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাগির হোসেন, সদস্য সচিব অহিদুল আলম প্রমুখ।