শিরোনাম

ঢাকা, ১৩ মে, ২০২৬ (বাসস) : স্থিতিশীল পুঁজিবাজার গঠন এবং অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে (এএমএল/সিএফটি) আইন পরিপালন ও ঝুঁকি ব্যবস্থাপনা জোরদারে রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ডিএসই’র মাল্টিপারপাস হলে ‘স্থিতিশীল পুঁজিবাজার: অর্থ পাচার প্রতিরোধ ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত আইনের পরিপালন এবং ঝুঁকি ব্যবস্থাপনার অগ্রগতি’Ñ শীর্ষক সম্মিলিতভাবে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ডিএসই।
ডিএসই’র রেগুলেটরি অ্যাফেয়ার্স ডিভিশনের মহাব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত সিআরও মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়াঁর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বিএফআইইউ’র পরিচালক সৈয়দ কামরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বিএসইসি’র অতিরিক্ত পরিচালক মো. ওহিদুল ইসলাম।
স্বাগত বক্তব্যে মোহাম্মদ শফিকুল ইসলাম ভূইয়াঁ বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় পুঁজিবাজার অর্থপাচার, সন্ত্রাসে অর্থায়ন, সাইবার ভিত্তিক আর্থিক অপরাধ, ইনসাইডার ট্রেডিং ও মার্কেট ম্যানিপুলেশনের মতো বহুমাত্রিক ঝুঁকির সম্মুখীন হচ্ছে।
এসব ঝুঁকি বিনিয়োগকারীদের আস্থা ও আর্থিক ব্যবস্থার সুশাসনে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মো. ওহিদুল ইসলাম বলেন, স্বচ্ছ, সহনশীল ও আস্থানির্ভর পুঁজিবাজার গঠনে এএমএল/সিএফটি কাঠামোর কার্যকর বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, অবৈধ অর্থপ্রবাহ, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি বাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের আস্থাকে ক্ষতিগ্রস্ত করে এবং আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ কামরুল ইসলাম বলেন, বর্তমান প্রেক্ষাপটে পুঁজিবাজার সংশ্লিষ্টদের জন্য এএমএল/সিএফটি বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশাসনভিত্তিক পুঁজিবাজার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মশালার চারটি ওয়ার্কিং সেশন পরিচালনা করেন বিএফআইইউ’র অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন, উপ-পরিচালক মেহেদী হাসান, বিএসইসি’র উপ-পরিচালক মো. রফিকুন্নবী ও বিএফআইইউ’র যুগ্ম পরিচালক শাহ আলম কাজী।