বাসস
  ১৩ মে ২০২৬, ১৭:৩৩

খাল দখলমুক্ত না হলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয় : ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান আজ রাজধানীর কালশীতে সাংবাদিক কলোনী খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: সংগৃহীত

ঢাকা, ১৩ মে, ২০২৬ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, রাজধানীর মিরপুর ও কালশী এলাকায় জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধার এবং অবৈধ দখল উচ্ছেদের কোনো বিকল্প নেই। গুটিকয়েক মানুষের স্বার্থে পুরো এলাকার বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

আজ রাজধানীর কালশীতে সাংবাদিক কলোনী খাল পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক বলেন, দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা ও অবৈধ দখলের কারণে খালটির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে, সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, ‘আমরা বারবার খাল পরিষ্কার করি, কিন্তু পরদিনই আবার আগের অবস্থায় ফিরে যায়। জনগণের টাকা ব্যয় করে প্রতিদিন একই কাজ করা গ্রহণযোগ্য নয়।’

ছবি: সংগৃহীত

তিনি আরো বলেন, যারা অবৈধভাবে খালের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সেসব সরিয়ে নিতে হবে। অন্যথায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আইনানুগভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

ডিএনসিসি প্রশাসক জানান, আপাতত আগামী এক সপ্তাহ খালটি পরিষ্কার করা হবে, যাতে এলাকাবাসী সাময়িকভাবে জলাবদ্ধতা থেকে কিছুটা স্বস্তি পায়। একই সঙ্গে স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট বাড়ির মালিক সমিতি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি আরো বলেন, ‘খাল উদ্ধার ছাড়া ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা সম্ভব নয়। এলাকাবাসীকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে হলে খাল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতেই হবে।’

অবৈধ দখলদারদের পুনর্বাসনের সুযোগ নেই উল্লেখ করে মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘কেউ যদি সরকারি বা সংস্থার জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেন, তাহলে সেই দায় তাকেই নিতে হবে।’ তবে মানবিক বিবেচনায় কেউ সময় চাইলে আলোচনার মাধ্যমে তা বিবেচনা করা হতে পারে বলেও জানান তিনি।

এসময় তিনি খাল ও ড্রেনে ময়লা ফেলার প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ড্রেন বা খাল কোনোভাবেই বর্জ্য ফেলার স্থান নয়। নগরবাসী সচেতন না হলে শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে স্থায়ী সমাধান সম্ভব হবে না।’