শিরোনাম

রাজবাড়ী, ১২ মে, ২০২৬ (বাসস) : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেছেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের কৃষিখাতে ব্যাপক পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচি সম্পন্ন হলে মাছের চাষ বাড়বে, জলাবদ্ধতা কমবে, পাটের জাগ দিতে কৃষককে আর পানির কষ্ট পোহাতে হবে না।
আজ মঙ্গলবার জেলার গোয়ালন্দে খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এ কথা বলেন।
এ সময় জেলা প্রশাসক আফরোজা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান এবং গোয়ালন্দ উপজিলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আফরোজা পারভীন বলেন, এ প্রকল্পের মাধ্যমে ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)” এর আওতায় বাস্তবায়িত হবে।
প্রকল্প দুটি হচ্ছে, গোয়ালন্দ নজির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিশ্বনাথ পাড়া বেড়ি বাঁধ অভিমুখী খাল এবং উজান চর হাবিল মণ্ডলের পাড়া কালামের বাড়ি থেকে ফয়জদ্দিন মাতুব্বরের পাড়া সলিম মাতুব্বরের বাড়ি খাল পর্যন্ত।
খাল দু’টির পুনঃখনন সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ ও বন্যার পানি নিষ্কাশনে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।