শিরোনাম

ঢাকা, ১২ মে, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুর উপজেলায় ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলাধীন রামপুর ইউনিয়নে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ‘খাল পুনঃখনন’ কাজের উদ্বোধন শেষে একথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, আজকের এই খাল পুনঃখনন কাজটি এই অঞ্চলের কৃষি ও পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে। তবে শুধু খনন করলেই হবে না, এই খাল যাতে পুনরায় ভরাট না হয়ে যায়, সেই রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় জনগণসহ আমাদের সবাইকে নিতে হবে।

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে ইয়াসের খান চৌধুরী আরও বলেন, তারাকান্দা ও ফুলপুর এলাকায় মিনি স্টেডিয়াম নির্মাণ, হাসপাতাল আধুনিকায়ন এবং রাস্তাঘাটের মানোন্নয়নসহ অসংখ্য উন্নয়নমূলক কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এসব লক্ষ্য বাস্তবায়নে সাধারণ জনগণের সক্রিয় সহযোগিতা ও সমর্থন প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-০২ (তারাকান্দা-ফুলপুর) আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ। তিনি স্থানীয় পর্যায়ের উন্নয়ন কর্মকাণ্ডে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে তারাকান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।