শিরোনাম

ঢাকা, ১২ মে, ২০২৬ (বাসস): মালদ্বীপে অত্যন্ত মানবিক সংকটপূর্ণ ও কষ্টকর পরিস্থিতিতে থাকা এক প্রবাসী বাংলাদেশি কর্মীকে সরকারি সহায়তায় দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছে বাংলাদেশ হাইকমিশন।
আজ মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা ইমাম হোসেন (২১) মালদ্বীপে গুরুতর মানবিক সংকটে অবস্থান করছিলেন। বিষয়টি অবগত হওয়ার পর, হাইকমিশন সম্পূর্ণ মানবিক দৃষ্টিকোণ থেকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এরই অংশ হিসেবে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম ওই কর্মীর হাতে দেশে ফেরার বিমান টিকিট হস্তান্তর করেন।
বিমান টিকিটটি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কল্যাণ তহবিল হতে দেওয়া হয়।
টিকিট হস্তান্তরের সময় মিশনের প্রথম সচিব মো. মোতাছেম বিল্যাহ ও তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী উপস্থিত ছিলেন।
টিকিট হস্তান্তরকালে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম বলেন, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষা করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি নাগরিক দেশের সম্পদ। তাদের যে কোনো মানবিক সংকট, দুর্দশা বা জরুরি পরিস্থিতিতে বাংলাদেশ হাইকমিশন সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাশে থাকার চেষ্টা করে।
হাইকমিশনার বলেন, বাংলাদেশ সরকার ও হাইকমিশন সবসময় প্রবাসীদের মানবিক সহায়তা, সুরক্ষা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।