বাসস
  ১২ মে ২০২৬, ১১:২২

মির্জা আব্বাসকে নিয়ে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে গুজব: বাংলাফ্যাক্ট

ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ১২ মে, ২০২৬ (বাসস) : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসকে নিয়ে ভুয়া ফটোকার্ড ব্যবহার করে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বাংলাফ্যাক্ট জানায়, বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দাবি করা হয়েছে যে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস মারা গেছেন।

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে নিশ্চিত হয়েছে, তিনি মারা যাননি। দীর্ঘদিন চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এছাড়া যমুনা টিভিও এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর তথ্যমতে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।

সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধেও গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট হলো পিআইবির ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম। প্রতিষ্ঠানটি নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তথ্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করে।

বাংলাফ্যাক্ট ইতোমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে। বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে কাজ করছে প্রতিষ্ঠানটি।