শিরোনাম

ময়মনসিংহ, ৯ মে ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা পদ্ধতি (আইইএলটিএস) কার্যক্রমকে আরও সহজ ও শিক্ষার্থীবান্ধব করতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও ব্রিটিশ কাউন্সিলের মধ্যে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এখন থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েও আইইএলটিএস পরীক্ষার নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ময়মনসিংহ অঞ্চলের পরীক্ষার্থীরা সহজেই আইইএলটিএস পরীক্ষার নিবন্ধন করতে পারবেন।
আজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এবং ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্রিটিশ কাউন্সিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উচ্চশিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক যোগাযোগে ইংরেজি ভাষা দক্ষতার গুরুত্ব দিন দিন বাড়ছে। এ উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষা ও ক্যারিয়ার গঠনে নতুন সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ কাউন্সিলের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।