বাসস
  ০৯ মে ২০২৬, ১২:০৫

বিএমইউ’র নতুন রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোস্তফা কামাল

অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল। ছবি : সংগৃহীত

ঢাকা, ৯ মে, ২০২৬ (বাসস): বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির এ্যানেসথেসিয়া, এনালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল।

বিএমইউ’র অতিরিক্ত রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের এ্যানেসথেসিয়া, 'এনালজেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালকে তার দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রার পদে দায়িত্ব দেওয়া হল। তিনি বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন অনুযায়ী সকল সুযোগ সুবিধা পাবেন।

ডা. মো. মোস্তফা কামাল বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ান্স-এর সভাপতি। তিনি এ্যনেসথেসিওলজি এবং পেইন মেডিসিন গবেষণায় উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং বাংলাদেশ সোসাইটি অফ এ্যানেসথেসিওলজিস্টস ও ক্রিটিক্যাল কেয়ার এন্ড পেইন ফিজিশিয়ান্স-এর বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দিয়ে আসছেন।

তিনি রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পাওয়ায় তার প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়সহ দেশের চিকিৎসা সেবার মান আরও উন্নত ও সমৃদ্ধ হবে বলে আশা করছেন বিএমইউ'র শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা।