শিরোনাম

ঢাকা, ৮ মে, ২০২৬ (বাসস): পশ্চিমবঙ্গের হুগলিতে অনুষ্ঠিত ইজতেমায় মুসল্লিদের সমবেত হওয়ার দৃশ্যকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে; এ দাবি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।
বাংলাফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর সীমান্ত দিয়ে বহু লোক বাংলাদেশে অনুপ্রবেশ করছে; এমন দাবিতে প্রচার করা হয়। তবে এ দাবি যাচাই করে সম্পূর্ণ অসত্য বলে নিশ্চিত করা হয়েছে।
তাদের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি চলতি বছরের ৫ জানুয়ারির একটি ভিন্ন ঘটনার। সেসময় পশ্চিমবঙ্গের হুগলি জেলার দাদপুরের পুইনানে বিশ্ব ইজতেমায় অংশ নিতে মুসল্লিরা সমবেত হয়েছিলেন। ওই সমাবেশের দৃশ্যকে অনুপ্রবেশ বলে প্রচার করা হয়েছে।
বাংলাফ্যাক্ট আরও জানায়, ভারতীয় একাধিক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ভিডিওটি ছড়িয়ে বিভ্রান্তিকর দাবি করা হয়। পরে যাচাইয়ে এটি মিথ্যা প্রমাণিত হয়।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর মতে, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশ-বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সাম্প্রতিক সময়ে বিএনপি ও বর্তমান সরকারকে নিয়েও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে।
‘বাংলাফ্যাক্ট’ জানায়, তারা নিয়মিতভাবে ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তথ্য তুলে ধরছে এবং গণমাধ্যম ও ডিজিটাল কনটেন্ট নিয়ে গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।
প্রতিষ্ঠানটি জানায়, ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। দেশে গুজব ও ভুয়া খবর প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে বাংলাফ্যাক্ট কাজ করে যাচ্ছে।