শিরোনাম

ঢাকা, ৭ মে, ২০২৬ (বাসস) : দেশের সেতুগুলোতে ক্যাশলেস, দ্রুত ও স্বচ্ছ টোল আদায় ব্যবস্থা চালু করতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) তিনটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র উপস্থাপন করেছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব গবেষণার ফলাফল ও সুপারিশ তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
‘ডেভেলপিং অ্যান ইফেকটিভ কমিউনিকেশন প্রটোকল ফর ইমার্জেন্সি অ্যান্ড ট্রাফিক ডিসরাপশনস ইন ব্রিজ অ্যান্ড টোল অপারেশন্স’- শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মালিহা তাবাসসুম।
গবেষণায় সেতু ও টোল কার্যক্রমে জরুরি পরিস্থিতি ও যান চলাচলে বিঘ্ন মোকাবিলায় কার্যকর যোগাযোগ ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। এতে প্রতিটি সেতুতে ডেডিকেটেড কমিউনিকেশন অফিসার নিয়োগ, বিবিএ ওয়েবসাইটে লাইভ ট্রাফিক ট্যাব চালু ও ইটিসি নিবন্ধন প্রক্রিয়া সহজ করার সুপারিশ করা হয়।
‘অ্যাডপশন অব ইলেকট্রনিক টোল ম্যানেজমেন্ট অব পদ্মা ব্রিজ: এ স্টাডি বেইজড অন দ্য স্টেকহোল্ডারস পারস্পেকটিভ ফর ইমপ্লিমেন্টেশন’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন সেতু বিভাগের যুগ্মসচিব মাহমুদ ইবনে কাসেম।
গবেষণায় পদ্মা সেতুতে পূর্ণাঙ্গ ইলেকট্রনিক টোল ব্যবস্থা বাস্তবায়নে ব্যবহারকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়। এতে বিআরটিএ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও বিবিএ’র মধ্যে সমন্বিত ডেটা শেয়ারিং ব্যবস্থা গড়ে তোলা, ইটিসি ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি ও আরএফআইডি রিডারের নির্ভুলতা নিশ্চিত করার সুপারিশ করা হয়।
‘এফিসিয়েন্সি অব এমএফএস (মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস) বেইজড ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম অ্যাজ আ পার্ট অব টোল ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ: কেস স্টাডিজ’ শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকের একান্ত সচিব মো. মুশফিকুর রহমান।
গবেষণায় মোবাইল ব্যাংকিংভিত্তিক টোল আদায়ের বর্তমান অবস্থা ও সম্ভাবনা তুলে ধরা হয়। এতে এমএফএস ওয়ালেটের সঙ্গে ইটিসি সিস্টেমের সরাসরি সংযোগ, টোল অপারেটরদের নিয়মিত প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদে ‘মাল্টি-লেন ফ্রি ফ্লো’ ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়।
সভাপতির বক্তব্যে সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রধানমন্ত্রীর স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে দেশের সব সেতুতে দ্রুততম সময়ে ক্যাশলেস ও স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা চালু করতে সরকার বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, সরকারি সেবা সহজতর করতে টোল ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। গবেষণাগুলোর সুপারিশ যাচাই-বাছাই করে দ্রুত মাঠপর্যায়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, যাতে যানবাহন চালক ও যাত্রীরা নির্বিঘ্নে টোল পরিশোধ করে পারাপার হতে পারেন।
অনুষ্ঠানে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গবেষক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া সাইট অফিসের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।