শিরোনাম

ঢাকা, ৬ মে, ২০২৬ (বাসস) : সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক অভিযানে মাদক কারবারের অভিযোগে ১০ জনকে এবং মিয়ানমারে পাচারকালে ৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
আজ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় গতকাল কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বোট থেকে ৮ বোতল বিদেশি মদসহ ১০ জন মাদক কারবারিকে আটক করেছে।
এছাড়াও, কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় একই দিন কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী অপর একটি বোট থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ, ৪৫০ কেজি ময়দা ও পাচার কাজে ব্যবহৃত বোটসহ তিনজনকে আটক করা হয়।
জব্দকৃত আলামত, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।